
এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ ):
মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিস্কারের প্রতিবাদে উপজেলা বিএনপি ও যুবদলের ২১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলার রসূলপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।লিখিত বক্তব্যে তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের আওতাধীন সদর, গজারিয়া ও মীরকাদিম পৌরসভাসহ মোট ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জনই মহিউদ্দিনকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু তৃণমূল নেতাদের সেই মতামত উপেক্ষা করে কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন, সদস্য মজিবুর রহমানসহ ১৩ জন নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা দলীয় গণতন্ত্রের পরিপন্থী।তিনি আরও বলেন, এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা স্বেচ্ছায় ২১ জন নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে আরও অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক অহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি। পদত্যাগের বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবী করেন।
Reporter Name 









