
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত ২৭৩ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।রোববার মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কার্যালয় থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান রতন। এ সময় তাঁর সঙ্গে জুলাই-আগস্ট শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।অপরদিকে, একই সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের তনয় ইফতেখারুল আলম রিপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তাঁর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন।
এ ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলায় বিএনপির মোট চারজন মনোনয়ন প্রত্যাশী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন সংগ্রহকালে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।এই দুই প্রার্থীর মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্ন উঠছে—শেষ পর্যন্ত কে হচ্ছেন এই আসনের অভিভাবক ।
স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশের আশঙ্কা, দ্রুত মনোনয়ন সংক্রান্ত দ্বন্দ্বের সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে নির্বাচনী মাঠে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ঐক্য বজায় রাখতে না পারলে উভয় পক্ষের জন্যই নির্বাচনী লড়াই কঠিন হয়ে উঠতে পারে।মনোনয়ন সংগ্রহ শেষে প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।
Reporter Name 









