
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক সাংবাদিকের ভাড়া বাসায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি চকের পাড়া মহল্লায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার ভুক্তভোগী মো. শাকিল প্রধান গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে এ হামলার শিকার হন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রাতের ওই সময় ৫-৬ জন মুখোশ পরিহিত ব্যক্তি দেশীয় অস্ত্র—যেমন ছেনা, রামদা ও লাঠি—নিয়ে জোরপূর্বক বাসায় প্রবেশ করে। তারা টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ সময় দুর্বৃত্তরা উচ্চস্বরে ভয়ভীতি প্রদর্শন করে বাসা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় এবং ভাড়াটিয়াদের হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বাসায় থাকতে হলে বাড়ির মালিককে চাঁদা দিতে হবে বলেও জানানো হয়।ভুক্তভোগী সাংবাদিক অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 










