
মোঃ শাকিল প্রধানঃ হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।রোববার সকাল ১১টায় ‘হোমনা-মেঘনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি’র উদ্যোগে মেঘনা উপজেলা সংলগ্ন ভাটেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয় বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে থানার এসআই মো. বাবুল হোসেন।গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানা গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন সীমানায় দাউদকান্দি ও মেঘনা মিলিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস মিলিয়ে কুমিল্লা-২ আসন করার ঘোষণা দেওয়া হয়। এর প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। তিনি বলেন, “হোমনা-মেঘনা একসঙ্গে কুমিল্লা-২ আসন ঘোষণার দাবিতে এখানকার মানুষ আন্দোলন করছে। কমিশন বিধি লঙ্ঘন করে আসন পুনর্বিন্যাস করেছে। আমরা হাইকোর্টের শরণাপন্ন হব।”অন্য বক্তারা বলেন, প্রশাসনিকভাবে হোমনা ও মেঘনা উপজেলাগুলো সবসময় সম্পৃক্ত। অথচ নির্বাচনী আসনে পৃথক করে এখানকার মানুষের সঙ্গে অবিচার করা হয়েছে। তারা জানান, আগেও একই দাবিতে আন্দোলন হয়েছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন মেঘনা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনদুল অদুদ মুন্সী, সদস্য সচিব আজহারুল হক শাহিন, হোমনা উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল নেতা মো. কাদির হোসেন প্রমুখ।
Reporter Name 









