
নিজস্ব সংবাদদাতা (বিচিত্র সংবাদ):মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে শুক্রবার (সকাল ৭টা) ভয়াবহ এক গুলির ঘটনায় দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। এ ঘটনা ঘটে বাঘাইকান্দি বাজারে রতন মিয়ার সেলুনের সামনে।আহত ব্যক্তিরা হলেন মৃত রেশু বাদশার ছেলে বাছেদ (৩৫) এবং আব্দুল খালেকের ছেলে আল আমিন মাস্টার (৩৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের উত্তর-পূর্ব প্রান্তে একটি সেতুর পাশে দাঁড়িয়ে এক দুর্বৃত্ত হঠাৎ করে বাঘাইকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাছ বাজারমুখী জনসাধারণকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে বাজারজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলির এক পর্যায়ে সেলুনের ভেতরে অবস্থানরত বাছেদের কপালে স্প্রিন্টারের আঘাত লাগে এবং পাশেই দাঁড়িয়ে থাকা আল আমিন মাস্টারের ডান পায়ে স্প্রিন্টার ঢুকে যায়। তারা উভয়েই বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং আশঙ্কামুক্ত।প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, এই হামলার পেছনে রয়েছে জৈষ্ঠীতলা গ্রামের কুখ্যাত সন্ত্রাসী আব্দুল মান্নান ওরফে “শুটার মান্নান” (৪০)। ধারণা করা হচ্ছে, বাজারে প্রভাব বিস্তার এবং ভীতি সৃষ্টির লক্ষ্যে এই সশস্ত্র তাণ্ডব চালানো হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, “এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে”।
Reporter Name 








