
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) // মুন্সীগঞ্জের গজারিয়ায় জমির মাটি কেটে আইল বানানোর সময় অবিস্ফোরিত একটি মর্টার শেল পাওয়া গেছে। এদিকে এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে ভিড় করতে থাকে। দুর্ঘটনা প্রতিরোধে পাহারা বসিয়েছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) সকাল সাতটায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফার জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।গঠনার প্রত্যক্ষদর্শী এস্কেভেটর চালক আপন বলেন, সকাল সাতটার সময় এস্কেভেটর দিয়ে স্থানীয় হানিফাদের জমিতে আইল বানানোর সময় এস্কেভেটরের চাকায় বড় ধাতব খন্ডের মত কিছু আটকায়। মাটির নিচ থেকে সেই ধাতব খন্ডটি উপরে তোলেন তিনি। আশেপাশের কয়েকজন ধাতব খন্ডটি দেখার পর আরো লোকজন তা দেখতে আসতে থাকলে তিনি সেটা মাটি চাপা দিয়ে দেন। পরবর্তীতে স্থানীয়দের কয়েকজন বস্তুটিকে মর্টার শেল দাবি করে পুলিশে খবর দেয়।
এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে তারা বস্তুটি মর্টার শেল বলে জানিয়েছে। মর্টার শেলটির আকৃতি দেখে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে। জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
Reporter Name 









