
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :গজারিয়া (মুন্সীগঞ্জ), ১৫ জানুয়ারি গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সংবেদনশীল তথ্য অবৈধভাবে বিক্রি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহ (৪১) এবং আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর মো. আলামিন (৩৯)।
সিআইডি সূত্র জানায়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থের বিনিময়ে নাগরিকদের এনআইডি সংক্রান্ত গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মাত্র ৩০ দিনে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি তথ্য সরবরাহ করেছেন। প্রতিটি তথ্যের জন্য গড়ে ৩০০ টাকা করে আদায় করলে অবৈধভাবে প্রায় ১১ কোটি টাকা আয় করেছেন বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মো. আবুল বাশার তালুকদার। তিনি বলেন, এনআইডি তথ্যের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অপরাধ জাতীয় নিরাপত্তা ও নাগরিক গোপনীয়তার জন্য বড় হুমকি। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান রয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সিআইডি।
Reporter Name 









