
এস এম নাসির উদ্দিন|বিচিত্র সংবাদ :২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ ও মনোনয়ন জমাদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর কাছে মনোনয়ন ফরম দাখিল করেন। এদিন মুন্সীগঞ্জ-৩ আসনে তারসহ মোট ৯টি মনোনয়নপত্র জমা পড়ে।
একই দিনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে সর্বমোট ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে গজারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় প্রার্থীর জ্যেষ্ঠ সন্তান ড. লুবাবা জামান প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।মনোনয়ন জমাদানের সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর কে এম গিয়াসউদ্দিন, জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনূর জাহানও এ সময় উপস্থিত ছিলেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সক্রিয়তা ও মনোনয়ন জমাদানের সংখ্যা ইঙ্গিত দিচ্ছে, এবারের নির্বাচন এই আসনে হতে পারে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
Reporter Name 









