নিজস্ব সংবাদদাতা বিচিত্র সংবাদ :
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতা,জমি নিয়ে মামলা সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।আহত বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নাইম (৭৬) বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টার এর ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব থেকে চলে আসা বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলা শাখা। জেলার নির্বাহী সভাপতি বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মীর উপর এ ধরনের নৃশংস হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ লক্ষ্য করা গেছে।