এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) : মুন্সীগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই জেলে দাদন বেপারী, তার ছেলে কামাল বেপারী ও ভাতিজা মাসুম বেপারীর তিনটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায় । ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভুক্তভোগীরা প্রায় ২০ লাখ টাকা দাবি করলেও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে। আগুনের সূত্র নির্ধারণে তদন্ত চলছে। এ ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক সহায়তা ও পুনর্বাসনে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।