এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সিগঞ্জ-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গজারিয়া উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে।
বুধবার (আজ) পৃথক সময়ে আয়োজিত সংবাদ সম্মেলনগুলোতে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, মারধর এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তোলে।দুপুরে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) অনুসারীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাবেক সদস্য মুহা. মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, প্রচারণা শুরুর পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে ফুটবল প্রতীকের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে।অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা পাল্টা সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ধানের শীষের ব্যানারও বিভিন্ন স্থানে ছিঁড়ে ফেলা হয়েছে।
উভয় পক্ষই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।