এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) : গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর (টেক) ও বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন।কারিগরি শিক্ষায় পাঠদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে তিনি গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এই অর্জনে শিক্ষা পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, জেসমিন সুলতানার এই সাফল্য কারিগরি শিক্ষার মানোন্নয়নে অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি গজারিয়া তথা মুন্সীগঞ্জ জেলার কারিগরি শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।