এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় চলতি বছরের শিক্ষা কার্যক্রম ও আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় ভোটকেন্দ্রসমূহে সিসি ক্যামেরা স্থাপন, আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে ভালো ফলাফল নিশ্চিত করতে কোচিং কার্যক্রম জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি পরীক্ষার্থীদের সুষ্ঠু ও যানজটমুক্ত পরিবেশে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, ভবেরচর ওয়াজীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গাফফার, গজারিয়া সরকারি মডেল পাইলট স্কুলের প্রধান শিক্ষক আকতারুজ্জামান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।