এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :গজারিয়া থানাধীন এলাকায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে সংঘটিত একটি ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য সফলভাবে উদঘাটন, সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গজারিয়া থানার এসআই আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত মামলায় এসআই আবুল কালাম আজাদের দক্ষ তদন্ত ও পেশাদারিত্বের মাধ্যমে সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় ৯৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়, যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।এ উপলক্ষে আজ সকাল ১০টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আনুষ্ঠানিকভাবে এসআই আবুল কালাম আজাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।একই অনুষ্ঠানে ডাকাতি মামলার তদন্তে সহায়তা ও চৌকস অভিযানের স্বীকৃতি হিসেবে পদ্মা সেতু উত্তর ডিবির একটি টিমকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে অপরাধ দমনে সফলতা অর্জন করা সম্ভব। এসআই আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট টিমের এই সাফল্য পুলিশ বাহিনীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে বলে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।