এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) : মুন্সীগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শত শত নারী-পুরুষ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। এতেমহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সড়কের পাশে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।নিহতের স্বজনদের অভিযোগ, গত ২০ ডিসেম্বর গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে পূর্বপরিকল্পিতভাবে জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিবেশী দুই ভাই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও ঘটনার প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানান। তারা অভিযোগ করেন, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, জান্নাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।