এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম হাসেম (৭৫)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের বাসিন্দাপ্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে একটি হায়েস গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করছিল। ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গাড়িটি পথচারী হাসেমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত হায়েস গাড়িটি ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।