এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া স্কুলঘাট বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা স্থানীয়দের জন্য পরিণত হয়েছে চরম ভোগান্তির কারণ। প্রতিদিন বাজারের ব্যবসায়ীরা বর্জ্য ফেলে যাচ্ছেন বাউশিয়া এম.এ. আজহার উচ্চ বিদ্যালয়ের পাশে, যার ফলে বিদ্যালয় সংলগ্ন এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ।প্রতিদিন সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের সময় নাকে হাত চেপে ঢুকছে ক্লাসে। পচা সবজি, পলিথিন ও ফার্মের মুরগির বর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে বিষাক্ত গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং সংক্রামক রোগের আশঙ্কা।একজন অভিভাবক অভিযোগ করে বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। দুর্গন্ধে হাঁটা যায় না। এতে তাদের পড়াশোনার মনোযোগও নষ্ট হচ্ছে।”স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি। তাঁরা বাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করার দাবি জানান।পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাজারের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশপাশের পুরো এলাকার মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তাঁরা দ্রুত স্থানীয় প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন।স্থানীয় প্রশাসন, বাজার কমিটি ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগই পারে বাউশিয়া বাজার এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ফিরিয়ে আনতে।