বিশেষ প্রতিনিধি(বিচিত্র সংবাদ) :টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের গ্রেফতারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, “মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”