এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে মেঘনার শাখা নদী দ্বারা বিচ্ছিন্ন গুয়াগাছিয়া ইউনিয়নকে সংযুক্ত করতে বাউশিয়া–গুয়াগাছিয়া সংযোগ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পুরানো খেয়াঘাট হয়ে মেঘনার শাখা নদীর উপর দিয়ে সেতুটি নির্মিত হবে। বিপরীত প্রান্তে গুয়াগাছিয়া ইউনিয়নের বালুচর গ্রাম সংলগ্ন ট্রলারঘাটের সাথে এটি সংযুক্ত করা হবে। এতে করে গুয়াগাছিয়া ইউনিয়নবাসী সড়ক পথে সরাসরি গজারিয়া উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন।গজারিয়া উপজেলা প্রকৌশলী মো: সামিউল আরেফিন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সম্ভাব্য ৬৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত স্থানে সয়েল টেস্ট, টপোগ্রাফিকাল সার্ভে, হাইড্রো মরফজিকাল স্টাডি সহ বিভিন্ন পরীক্ষা শেষে সেতুর ডিজাইন সম্পন্ন হবে।এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্পের পরিচালক মোঃ এবাদত আলী, মুন্সীগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, গজারিয়া উপজেলা প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো: এবাদুল হক, বাউশিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাস্টার, সমাজসেবক সেলিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, বাউশিয়া–গুয়াগাছিয়া সংযোগ সেতু নির্মিত হলে স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নসহ সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।খেয়া পারাপার ও সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলামসহ অন্যান্যরা।