এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃকনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান।ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়। সভায় সদস্যরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ভোক্তা অধিকার আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা মনে করেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ক্যাবের ভূমিকা আরও সমৃদ্ধ হবে।এ. এইচ. এম. সফিকুজ্জামান ১৯৯৪ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন। দীর্ঘ সরকারি চাকরিজীবনে তিনি মাঠ প্রশাসনসহ একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কাজ করার পর তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদেও দায়িত্ব পালন করেন।সরকারি চাকরিজীবনে নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত হন। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন।