নিজস্ব সংবাদদাতা ( বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নদী বেষ্টনী এলাকা গুয়াগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে কয়েকটি নৌ ডাকাত দল সক্রিয় রয়েছে। সম্প্রতি এসব নৌ ডাকাতের হাতে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে চারটায় জামালপুর গ্রামে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।জামালপুর ও হোগলাকান্দি গ্রাম থেকে অন্তত তিন শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে নিহত হৃদয় বাঘের স্বজনরা বাড়ি ফেরার পথে নয়ন-পিয়াসের লোকজন কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় এসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এসময় পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীরা ভয়ভীতি সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরে পুলিশ বিভিন্ন কৌশলে হামলাকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।মানববন্ধনে নিহত হৃদয় বাঘের মা মানছুরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“গত কয়েক মাসে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও লালু গ্রুপ আমার ছেলে হৃদয়সহ তিনজনকে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই।”তিনি আরও বলেন,“লালু, সৈকত, নয়ন, পিয়াসরা একের পর এক সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে। প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না? আজ পুলিশের উপস্থিতিতেই আমাদের উপর হামলা চালানো হলো। আমরা তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি চাই।”স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়েই এসব নৌ ডাকাতের দৌরাত্ম্য বাড়ছে। দ্রুত আইনি ব্যবস্থা না নিলে আরও রক্তপাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।