এস এম নাসির উদ্দিন, বিশেষ সম্পাদকীয়ঃ৫ আগস্ট: পরিবর্তনের প্রতিচ্ছবি ও নতুন প্রজন্মের চেতনা ভূমিকা গত বছরের ৫ আগস্ট, ২০২৪এই তারিখটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন বাঁকবদলের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজনীতির উত্তাল আবহে, এক অভূতপূর্ব পদত্যাগ, জনতার স্বতঃস্ফূর্ত জাগরণ এবং সর্বস্তরে একটি মৌলিক প্রশ্নের উত্থান “এই রাষ্ট্র কার, কার জন্য?” এই প্রশ্ন কেবল রাজনৈতিক চত্বরেই সীমাবদ্ধ ছিল না, তা গড়িয়ে পড়ে মাঠে‑ঘাটে, শহরে‑গ্রামে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্রান্তে। গণআন্দোলনের দিন ৫ আগস্টের তাৎপর্য--রাজধানী ঢাকাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আন্দোলন সেদিন যে মাত্রায় পৌঁছায়, তা ছিল একটি গণচেতনার বিস্ফোরণ। রাজপথের সেই প্রতিধ্বনি কেবল সরকারের বিরুদ্ধে নয়, বরং একটি দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, অব্যবস্থাপনা, দুর্নীতি, বিচারহীনতা এবং অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে জনগণের প্রত্যাঘাত।সেই দিন রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি পদত্যাগ করেন—এমন একটি ঘটনা যা বাংলাদেশে বিরল।এই আন্দোলনের কেন্দ্রে ছিল তরুণ সমাজ। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা, কলেজ শিক্ষার্থী, এমনকি চাকরিপ্রত্যাশী যুবকরাও সম্মিলিতভাবে একটি বার্তা দিয়েছিল—তারা শুধু চাকরি নয়, একটি ন্যায়ভিত্তিক, সুশাসনভিত্তিক, স্বচ্ছ রাষ্ট্র চায়। তাদের এই সংগ্রাম নতুন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়, বরং আদর্শিক চেতনায় গড়ে ওঠা এক নৈতিক বিপ্লব।তারা এক ধরনের “নৈতিক নেতৃত্বের শূন্যতা” পূরণে রাস্তায় নেমেছিল। এই প্রজন্ম আর শুধু দর্শক হয়ে থাকতে রাজি নয়।